নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৪) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত দুই শিশু ভাটিয়া গ্রামের বাসিন্দা মাজেদুল শেখের ছেলে। এলাকাবাসী ও স্বজনরা জানান, সকালে বাড়ির পাশে খেলছিল আবু বক্কর ও ওমর ফারুক। এ সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশু দুজনকে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইকে ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
মন্তব্য করুন