ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে নড়াইলে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০টায় নড়াইল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অতিথিরাও কর্মসূচিতে অংশ নেন।
পরে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এজন্য বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ফুলের টব, পুরোনো টায়ার, ডাবের খোসা, ড্রাম, বালতি বা অন্যান্য পরিত্যক্ত পাত্রে পাঁচ দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।
বক্তারা আরও বলেন, অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং জমে থাকা পানির পাত্র ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করার মাধ্যমে মশার ডিম ধ্বংস করা সম্ভব। একই সঙ্গে এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
মন্তব্য করুন