নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে টিটুল খান (৪৫) নামে এক কৃষক এবং বিলে মাছ ধরতে গিয়ে বাবুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রাম ও নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।
নিহত টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অপর নিহত বাবুল বিশ্বাস মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, একই সময়ে বাবুল বিশ্বাস ও শহিদ নামে অপর এক ব্যক্তি স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বজ্রপাতে বাবুল গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি জানা গেছে।
মন্তব্য করুন