ময়মনসিংহে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে। ফলে জামালপুর-ঢাকা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক করতে জটিলতা আরও বেড়েছে।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, সকালে লাইনচ্যুত হওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করতে নগরীর কেওয়াটখালী এলাকা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে রিলিফ ট্রেনটিও লাইনচ্যুত হয়।
ওসি বলেন, “এখন লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনটি উদ্ধারের পরিবর্তে রিলিফ ট্রেনের ইঞ্জিন কেটে সেটি উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত ট্রেন ও রিলিফ ট্রেন উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে রেলপথে চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য করুন