বিনোদন ডেস্ক
“যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান!”—বিয়ের আনুষ্ঠানিকতার কয়েক ঘণ্টার মধ্যেই এমন আবেগঘন বার্তা শেয়ার করেছেন জনপ্রিয় উপস্থাপক দীপ্তি চৌধুরী।
শুক্রবার (৫ জুন) ঢাকার বাংলামোটরের একটি রেস্তোরাঁয় পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় দীপ্তি চৌধুরীর আক্দ। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
দীপ্তির স্বামী মুশতাক ইবনে আইয়ুব পেশায় শিক্ষক ও গবেষক। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে দীপ্তি লিখেছেন, “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!” আবেগঘন এ পোস্টটি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে এবং শুভেচ্ছা-অভিনন্দনে ভরে ওঠে মন্তব্যের ঘর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী, বন্ধু ও ভক্ত-অনুরাগীরা।
মন্তব্য করুন