দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি (রবিবার) নিজ জেলা ও পৈতৃক ভূমি বগুড়ায় আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসন শেষে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম রাজনৈতিক সফর।
বগুড়া জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় গিয়েছিলেন। দীর্ঘ বিরতির পর তার এই আগমনকে কেন্দ্র করে বগুড়া শহর ও আশেপাশের উপজেলাগুলোতে সাজ সাজ রব বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান ১১ জানুয়ারি বগুড়ায় পৌঁছাবেন এবং জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া তিনি তার পৈতৃক গ্রাম গাবতলীর বাগবাড়ী পরিদর্শন করতে পারেন। পরের দিন ১২ জানুয়ারি তিনি সড়কপথে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। রংপুর যাওয়ার পথে বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তার।
ইতোমধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এই সফরকে নির্বাচনপূর্ব গণসংযোগ হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বগুড়ার প্রবেশদ্বারগুলোতে তোরণ নির্মাণ করা হচ্ছে এবং পুরো শহর ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, "দেশনায়ক তারেক রহমানের আগমনে বগুড়ার সাধারণ মানুষ ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা দেখা দিয়েছে, তা অভূতপূর্ব। আমরা আমাদের প্রিয় নেতাকে বরণ করতে সম্পূর্ণ প্রস্তুত।
স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, এই সফর কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করার একটি বড় পদক্ষেপ। তারেক রহমান ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন প্রবীণ নেতার খোঁজখবর নেবেন এবং জেলার সাংগঠনিক অবস্থা নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন