কৃষকদের কৃষি খরচ কমাতে কৃষক কার্ডের পাশাপাশি সৌরবিদ্যুত চালিত সেচ সুবিধা অন্তর্ভুক করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।
তিনি বলেন, ‘বর্তমান সুবিধার পাশাপাশি কৃষক কার্ডে সৌরবিদ্যুৎ চালিত সেচ সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে কৃষকরা সুলভ মূল্যে মৌসুমভিত্তিক সেচ সুবিধা পাবেন।’
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর ব্লকে ১ হাজার ৪৫৮ জন কৃষকের হাতে কৃষক কার্ড হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘সবার হাতে কৃষক কার্ড পৌঁছালে কৃষকের সাথে অন্যায় করে কেউ ছাড় পাবে না। পর্যায়ক্রমে দেশের সব কৃষকের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।’
আমিন উর রশিদ বলেন, ‘দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া প্রথম বাংলাদেশে কৃষি ঋণ মওকুফ করেছিলেন। কৃষি ও সারের কার্যক্রমও তার সময়েই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। আজকে মরহুম জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতায় এসেই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছিলেন, এর মধ্যে একটি ফ্যামিলি কার্ড কর্মসূচি। এখন সেটি সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে।
তিনি আরো বলেন, ‘আগামী দিনে কৃষক যেন সত্যিকার অর্থে কৃষিপণ্য উৎপাদন করে ক্ষতিগ্রস্ত না হয়, উৎপাদন করতে যেন খরচ বেশি না লাগে, এটার জন্য এই কৃষি কার্ড প্রচলন করা হয়েছে।’
মন্তব্য করুন