দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর সফরে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি হবে তার প্রথম বগুড়া সফর। ওই দিন অন্যান্য কর্মসূচির পাশাপাশি নতুন সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি। একইসঙ্গে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত জনসভায় অংশ নেবেন।
বুধবার (১৫ এপ্রিল) বগুড়া সার্কিট হাউজে এ নিয়ে সংবাদ সম্মেলনে করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সড়কপথে ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তার সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্মকর্তারা সার্কিট হাউজে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
সফরসূচি অনুযায়ী, বগুড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জজ কোর্টে অনলাইনে বেলবন্ড প্রদান কার্যক্রম ও বার সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। পরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এছাড়া গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ, জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং খাল কাটা কর্মসূচির উদ্বোধন করবেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল সাড়ে ৩টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন।
সংবাদ সম্মেলন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা ও যেখানে যেসব কর্মসূচিতে অংশ নেবেন সেগুলো সাজানো হচ্ছে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, ‘বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ আমরা কয়েকদিন আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। ওই সময় তিনি নিজেই ২০ এপ্রিল বগুড়া সফরের বিষয়টি জানান। সফরকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবার জিয়াবাড়ি পরিদর্শন করবেন।’
উল্লেখ্য, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত বগুড়া পৌরসভা বর্তমানে ‘ক’ শ্রেণির পৌরসভা হিসেবে ২১টি ওয়ার্ড নিয়ে পরিচালিত হচ্ছে। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় ৪ লাখ। সিটি করপোরেশনে উন্নীত হলে নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন