আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪) আসনে বড় চমক দিয়েছে বিএনপি। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই আসনে দলীয় প্রার্থী পরিবর্তন করেছে দলটি। আসনটিতে ধানের শীষের চূড়ান্ত প্রতীক তুলে দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আসলাম চৌধুরীর হাতে। দীর্ঘদিন কারাবরণ এবং আইনি জটিলতা কাটিয়ে সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন আসলাম চৌধুরী। সীতাকুণ্ডের রাজনীতিতে তার বিশাল প্রভাব এবং তৃণমূল কর্মীদের দাবির মুখে দল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর আগে এই আসনে অন্য প্রার্থীর নাম আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে দলের হাইকমান্ড আসলাম চৌধুরীকেই বেছে নেয়।