
রাজধানী ঢাকার বায়ু, পানি ও পরিবেশদূষণ ভয়াবহ আকার ধারণ করায় ঢাকা আর বাসযোগ্য মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৬ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকব না; দেশের অন্য কোনো শহরে গিয়ে থাকব। কারণ এটা আর বাসযোগ্য মনে হয় না।”
তিনি বলেন, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও নগরবাসী কতটুকু উপকৃত হচ্ছে, তা মূল্যায়ন করা প্রয়োজন। বাসযোগ্য নগর গড়তে কার্যকর পরিকল্পনা, জবাবদিহি এবং কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঢাকার বাতাস, পানি ও পরিবেশ দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সংকটে রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
নদী দূষণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একসময় বুড়িগঙ্গায় নৌভ্রমণ করা গেলেও এখন নদীটির কাছে যাওয়াই কঠিন। একইভাবে শীতলক্ষ্যার অবস্থাও ক্রমেই খারাপ হচ্ছে। নদীগুলোকে দূষণমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া রাজধানীর পানির মান নিয়েও উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ঢাকার একটি বড় অংশের পানি পানযোগ্য নয় এবং ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।