দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ‘পক্ষপাতমূলক আচরণের’ অভিযোগ তুলেছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী পক্ষ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে ভোট গ্রহণ চলাকালে পৃথক সংবাদ সম্মেলনে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ এবং ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এই অভিযোগ জানায়।
সকালে এক সংবাদ সম্মেলনে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব অভিযোগ করেন, নির্বাচন কমিশন থেকে ক্যাম্পাসের ভেতরে প্রার্থীদের টোকেন বা ব্যালট নম্বর সংবলিত চিরকুট প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও একটি নির্দিষ্ট প্যানেলকে তা ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেন, “প্রশাসন প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে প্রমাণ দেখানোর পর সবাইকে অনুমতি দেয়। কিন্তু ভোটকেন্দ্রে দায়িত্বরতরা কেবল একটি নির্দিষ্ট পক্ষের টোকেন গ্রহণ করছেন।” প্রশাসনের এই অবস্থানকে তিনি ‘দ্বিচারিতামূলক’ বলে উল্লেখ করেন।
অন্যদিকে, বেলা ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, ক্যাম্পাস ও এর আশপাশে ছাত্রদলের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের হেনস্তা করছে। তিনি বলেন, “আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে ভোটের চিরকুট কেড়ে নেওয়া হচ্ছে। প্রশাসনকে জানানো সত্ত্বেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।” নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসন ও নির্বাচন কমিশন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে তিনি দাবি করেন।
পাল্টাপাল্টি এই অভিযোগের বিষয়ে জকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোট গ্রহণ স্বচ্ছ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিচ্ছিন্ন কিছু অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উভয় প্যানেলের এই কঠোর অবস্থানে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বিপুলসংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন